×
Logo

জাতীয়

রাজধানীর গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম

রাজধানীর গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, রোববার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে আটক করা হয়।

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর গা ঢাকা দেন স্বপন ভট্টাচার্য। তিনি আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। ২০১৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন স্বপন ভট্টাচার্য।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে চট্টগ্রামের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেলিম আকতার চৌধুরী নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। এছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন তিনি।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন তিনি।

/এএম

Logo