×
Logo

জাতীয়

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: গবেষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: গবেষণা

দেশে ১৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি পাওয়ার হাবের জন্য অধিগ্রহণ করা অব্যবহৃত জমিতে ৫ হাজার ৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন সম্ভব। এসব স্থাপনায় মোট ১৪ হাজার ১৬৬ একর অব্যবহৃত জমি রয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩৯ একর জমি সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জ্বালানি সম্মেলনে উপস্থাপিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। রাজধানীর সামরিক জাদুঘরে তিন দিনব্যাপী এই জ্বালানি সম্মেলন চলছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, এই সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে ২০ বছরে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫১৯ কোটি টাকার (২৫.২৭ বিলিয়ন মার্কিন ডলার) এলএনজি আমদানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। একই সময়ে সমপরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় প্রায় ১৫ কোটি ৪৮ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো যাবে।

সম্মেলনে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আইন, ২০২৬-এর সাংবিধানিক ও পরিবেশগত প্রভাব এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত সুরক্ষা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। গত আগস্টে দায়ের করা এক রিটে আইনের নয়টি ধারা চ্যালেঞ্জ করা হয় এবং নির্বাহী ক্ষমতার কেন্দ্রীকরণ, পরিবেশগত ছাড়পত্র ও জনপরামর্শের ঘাটতি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্তৃত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে উচ্চ আদালতে আপিল জানানো হয়।

এ বিষয়ে গত ২৫ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ভূমি, জীবিকা, পরিবেশ ও সাংবিধানিক অধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মিডা আইন ও মহেশখালীতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পের হালনাগাদ তথ্য, গবেষণা ও আইনি বিশ্লেষণ নিয়ে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি) অধীন ওয়েবসাইটটি কাজ করবে।

এলএনজি আমদানি করতে গিয়ে প্রতি বছর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে সরকারের। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসে এ খাতে ভর্তুকি দিতে হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। এ অবস্থায় নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সরকারের মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্মেলনে উপস্থাপিত বাংলাদেশে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের জীবাশ্ম জ্বালানি অর্থায়ন ভিত্তিক গবেষণা মতে, ২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশে জ্বালানি খাতে মোট ১৫ দশমিক ২৪৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। এর মধ্যে ৬ হাজার ৪৮৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার জন্য ৩ দশমিক ৯০৯ বিলিয়ন ডলার অর্থায়ন চিহ্নিত করা হয়েছে।

গবেষণার প্রাক্কলন অনুযায়ী, এসব বিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্য মেয়াদকালীন গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ১৯০ দশমিক ৪১ থেকে ৪০৪ দশমিক ৬১ মিলিয়ন টন এবং এর সামাজিক কার্বন ব্যয় ৯ দশমিক ১৯ থেকে ১৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার হতে পারে। অর্থাৎ, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের তুলনায় এর দীর্ঘমেয়াদি সামাজিক ও জলবায়ুগত ক্ষতির আর্থিক মূল্য অনেক বেশি।

প্রতিবারের মতো এবারও রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনের এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।


সম্মেলনে 'রোল অফ মিডিয়া এনার্জি জাস্টিস ইন বাংলাদেশ'  শিরোনামে একটি প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন নিলয়, স্বাধীন গবেষক গৌরাঙ্গ নন্দী ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রায়হান ফিরদাউস উপস্থিত ছিলেন।

/এএম

Logo