ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৭৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৩২ জনের মৃত্যু হলো। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জনে।
এ বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন। বর্তমানে চার হাজার ১৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।
/এমএইচআর