ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২ দিনে ৭৬১২ মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৭ হাজার ৬১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৯৮টি মোটরসাইকেলসহ মোট ৫৫৮টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৭৬টি বাস, ৪০টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ১২১টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০৭টি মোটরসাইকেলসহ মোট ৬৪৬টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ৬২টি বাস, ৫২টি ট্রাক, ৯৩টি কাভার্ডভ্যান, ২৫৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৯২৪টি মামলা হয়েছে।
উত্তরা বিভাগে ৭৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৩১৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৩০৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৭০টি বাস, ৫৩টি ট্রাক, ১০৩টি কাভার্ডভ্যান, ৩৭০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৮৬টি মোটরসাইকেলসহ মোট দুই হাজার ৪১৪টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে মোট এক হাজার ৪৬৬টি গাড়ি ডাম্পিং এবং এক হাজার ৬৩৯টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
/এমএইচআর