মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
মালয়েশিয়া সরকার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করেছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার সুবিধাজনক তারিখ ও সময়ে সফরটি পুনর্নির্ধারণ করা হবে।
শনিবার (২৮ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানায়।
আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার। ঢাকা সফর শেষে থাইল্যান্ড যাওয়ারও পরিকল্পনা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।
নির্ধারিত সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে, ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
/এমএইচআর