×
Logo

জাতীয়

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪১২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪১২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৫৮ শিশু। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০৫ শিশুর।

সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৩৩৮ শিশু।

এই সময়ে ১ হাজার ২৬০ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৭৪ জনের।

এ সময়ে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

/এমএইচআর

Logo