×
Logo

জাতীয়

গর্ভকালীন সেবা নিতে আসা প্রতি ৫ নারীর একজন ডায়াবেটিসে আক্রান্ত: জরিপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম

গর্ভকালীন সেবা নিতে আসা প্রতি ৫ নারীর একজন ডায়াবেটিসে আক্রান্ত: জরিপ

গর্ভকালীন সেবা নিতে আসা প্রতি পাঁচ জন নারীর একজন ডায়াবেটিসে আক্রান্ত। সংখ্যার হিসেবে তা প্রায় ১০ লাখ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জরিপে এ তথ্য উঠে এসেছে। ওজন এবং বয়স বেশি, এমন নারীদের মধ্যে এই হার বেশি। চিকিৎসকেরা বলছেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি আছে। মারাত্মক প্রসব জটিলতা হতে পারে মায়ের।

সাত মাসের অন্তঃসত্ত্বা সালিমা বেগম। নানা জটিলতা নিয়ে ভর্তি ঢাকা মেডিকেলে। ১৫ দিন আগে শনাক্ত হয়েছে ডায়াবেটিস। নিতে হচ্ছে ইনসুলিনও।

একই হাসপাতালে, কুমিল্লা থেকে এসেছেন খাদিজা বেগম। তার ব্লাড সুগার ধরা পড়েছে ১৩। আছে নানা জটিলতা। এই দুইজন নারীর বয়সই পঁয়ত্রিশের বেশি।

ঢাকা মেডিকেলের, এই ওয়ার্ডে, উচ্চ ঝুঁকিপূর্ণ মায়েদের ভর্তি রাখা হয়। বড় একটা অংশ আসে ডায়াবেটিসজনিত নানা জটিলতা নিয়ে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জরিপে দেখা গেছে, সেবা নিতে আসা অন্তঃসত্ত্বা নারীদের ২৪. ৪% ব্লাড সুগার বেশি। শহর ও গ্রামে এই হার একই। পরিবারে ডায়াবেটিসের ইতিহাস ও কম পরিশ্রম করা নারীদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

বাডাসের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের (সিজিএইচআর) পরিচালক ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, সময়ের সাথে সাথে আক্রান্তদের সংখ্যা ৫ থেকে ৭ গুন বেড়ে গিয়েছে। যেকোন মাকে গর্ভাবস্থার পূর্বে যদি প্রি-কন্সিভ কেয়ার দেওয়া যায়, তার লাইফস্টাইল পরিবর্তন কিংবা শারীরিকভাবে একটিভ করা যায় এবং খাদ্যাভাসে পরিবর্তন আনা যায়, তাহলে কেবলমাত্র উল্লেখযোগ্য হারে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।  

চিকিৎসকেরা বলছেন, গর্ভকালে ব্লাড সুগার বেশি থাকলে ভ্রুণের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। শিশুর হৃদযন্ত্র-মস্তিষ্ক-মেরুদণ্ডে কিছু জন্মগত ত্রুটির ঝুঁকি থাকে।

ঢাকা মেডিকেলের ফিটো-মেটারনাল মেডিসিনের অধ্যাপক ডা. মাহফুজা আসমা বলেন, বাচ্চা যদি আনকন্ট্রোলড ডায়াবেটিস অবস্থায় মায়ের গর্ভে থাকে, সেক্ষেত্রে গর্ভস্থ বাচ্চার ওজন অনেক বেশি বৃদ্ধি হয়। একইসঙ্গে, গর্ভস্থ অবস্থায় বাচ্চার হার্টে সমস্যা হতে পারে এবং পানির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 'পলিহাইড্রামনিওস' বলা হয়।  

উল্লেখ্য, দেশে প্রতি বছর ৪০ লাখের বেশি নারী গর্ভধারণ করে থাকেন। চিকিৎসকদের পরামর্শ, গর্ভধারণ হতে হবে পরিকল্পিত। সঠিক বয়স এবং ওজন কমিয়ে গর্ভধারণের পরামর্শ তাদের। 

/এআই 

Logo