তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান ফোরামের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নতুন তথ্য কমিশনকে গতিশীল, স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। এ জন্য কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নির্ধারণ, পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ এবং অভিজ্ঞতাসম্পন্ন পূর্ণ সচিব নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরে তথ্য অধিকার ফোরাম। এর আগে একই দিন ফোরামের একটি প্রতিনিধিদল নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আইনে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে পারে। প্রয়োজনে জরিমানা আরোপের পাশাপাশি বিভাগীয় শাস্তির সুপারিশও করতে পারে।
তথ্য অধিকার ফোরামের মতে, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের একজন বিচারককে অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ। সে কারণে প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের হওয়া প্রয়োজন।
ফোরাম বলেছে, কমিশনারদের পদমর্যাদা বিভিন্ন সময়ে ভিন্ন রকম হলে জনমনে, বিশেষ করে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। একই সঙ্গে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও তাঁদের যথাযথ পদমর্যাদা প্রয়োজন।
পেশাদারত্বের সঙ্গে তথ্য কমিশন পরিচালনা, জনসচেতনতা তৈরি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দেরও দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সংবেদনশীল এবং এ বিষয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
নতুন তথ্য কমিশনকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম বলেছে, কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত।
ফোরামের আহ্বায়ক শাহীন আনামের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব দাবির বিষয়ে তার পাশাপাশি একমত পোষণ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম বজলুর রহমান।
এ ছাড়া নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারম্যান ড. অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) সদস্য ও ডেপুটি ডিরেক্টর রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রজেক্টের প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোলও বিবৃতিতে একমত পোষণ করেছেন।
/এনএ