রাজধানীতে বাল্যবিবাহ আইন সংস্কার শীর্ষক গণমাধ্যম সংলাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
রাজধানীতে ইউএনএফপি‘র আয়োজনে বাল্যবিবাহ আইন সংস্কার শীর্ষক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং। আরো বক্তব্য রাখেন যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, যমুনা টিভি’র হেড অব নিউজ তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি কন্যা শিশুর জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা’র বিশেষ বিধান বাল্যবিবাহ রোধের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এই ধারায় বলা হয়েছে, ‘যুক্তিসংগত কারণ দেখিয়ে মা—বাবা কিংবা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ে হলে সেক্ষেত্রে তা “অপরিণত বয়স্ক” বাল্য বিয়ে বলে গণ্য হবেন না।’ এই আইনের দুর্বলতার সুযোগে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং বাল্যবিবাহ বাড়ছে। আইনের এই বিশেষ বিধানটির অপব্যবহার হচ্ছে।
যমুনা টিভি’র হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ। এটা প্রশ্নবিদ্ধ। তবুও বাল্যবিবাহ হচ্ছে, এটাই ঠিক। এগিয়ে থাকা সিলেট বিভাগের অভিজ্ঞতা পিছিয়ে থাকা রাজশাহী ও খুলনায় কাজে লাগানোর চেষ্টা করা দরকার। বাল্যবিবাহের জন্য নাবালকদের দোষী করার বিধান বাতিল করা উচিত। বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধন করা উচিত।
সংলাপে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে এখনও বাল্যবিবাহের শিকার, যার ফলে কিশোরী গর্ভধারণ এবং জীবনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
/এসআর