×
Logo

জাতীয়

ইউপি নির্বাচন

ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সামনে রেখে ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের উপযোগী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল প্রস্তুত করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে। 

ইসির নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। এ ছাড়া সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদরাসা, উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও প্যানেলে রাখা যাবে।

/এসআর 

Logo