সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (এমআইএনইউএসসিএ) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সংখ্যক ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ৮ কর্মকর্তা মিশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২২ নভেম্বর) দুপুরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে আট কর্মকর্তা ঢাকা ত্যাগ করেন। তারা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। আজ সেখান থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।
আট সদস্যের এ দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এমআইএনইউএসসিএ'তে বাংলাদেশ পুলিশের এটিই এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এ মোতায়েন এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এটি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
/এএন