×
Logo

জাতীয়

হাইকোর্টের আদেশ স্থগিত

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

হাইকোর্ট। ফাইল ছবি

৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষার ফলের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা রইলো না।

সোমবার (২৩ নভেম্বর) এ আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ।

এর আগে, ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাইকোর্টের সে আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগ। তবে সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন চালু রাখা অথবা শর্তসাপেক্ষে আবেদন জমার সুযোগ দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনাও দেওয়া হয়।

ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ১১টি শিক্ষা বোর্ড একযোগে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে। পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে।

/এএম

Logo