×
Logo

জাতীয়

সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সুইডেন আসলামকে: ডিএমপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সুইডেন আসলামকে: ডিএমপি

শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে রাজধানীর নিউ মার্কেট থানার আরেক সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন। তিনি জানান, তাকে আজই আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

ব্রিফিংয়ে বলা হয়, টিটন হত্যা মামলায় তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদের বিষয়ে নজরদারি অব্যাহত আছে।

এর আগে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময় তাকে আটক করা হয়। 

ইমিগ্রেশন পুলিশ জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার সময় তাকে আটক করা হয়। 

উল্লেখ্য, সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে বের হন মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সুইডেন আসলাম। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গত প্রায় একমাস ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্ট ব্লক করা হয়। 

১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ নব্বইয়ের দশকের একাধিক আলোচিত হত্যার ঘটনায় তার নাম উঠে আসে। তখন কিছুসময় তিনি সুইডেনে অবস্থান করেছিলেন। পরে দেশে ফেরার পর তার নাম পরিচয় পায় সুইডেন আসলাম নামে। 

/এএন

Logo