×
Logo

জাতীয়

বাংলাদেশের যে আলোচিত মামলা সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা করে

সাইফুর রাব্বি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

বাংলাদেশের যে আলোচিত মামলা সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা করে

একটি দেশের সংবিধান রাষ্ট্রের প্রধান আইন। অর্থাৎ, একে সর্বোচ্চ আইন বলা যায়। এই সংবিধান সময়ের প্রয়োজন অথবা কালের চাহিদায় সংশোধন করা যায়। বাংলাদেশের সংবিধানের দশম ভাগের অনুচ্ছেদ (আর্টিকেল) ১৪২ সংসদকে শর্তসাপেক্ষে এই সংবিধান সংশোধনের ক্ষমতা দিয়েছে। তবে, সংসদের সংবিধান সংশোধনের এই ক্ষমতা সীমাহীন নয়। 

অর্থাৎ, সংসদ ইচ্ছা করলেই সীমাহীন ইচ্ছা নিয়ে সংবিধানের পরিবর্তন আনতে পারে না। একে সাংবিধানিক আইনে ডকট্রিন অব বেসিক স্ট্রাকচার (Doctrine of Basic Structure) বলে। 

সংবিধান সংশোধনের এই নীতিটি আলোচিত একটি মামলার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের সাংবিধানিক আইনে আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলা (১৯৮৯) এ জন্য মাইল ফলক হিসেবে বিবেচিত। এ মামলার রায়ে আদালত বেসিক স্ট্রাকচার নীতিটি প্রতিষ্ঠা করেন। 

মামলার পটভূমি: 

১৯৮৮ সালে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে জাতীয় সংসদ সংবিধানের অষ্টম সংশোধনী আইন পাস করে। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১০০ অনুচ্ছেদ পরিবর্তন করে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। এর উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বিচারপ্রাপ্তি সহজ করা। কিন্তু এই সংশোধনীর ফলে হাইকোর্ট বিভাগের একক বিচারিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়।

আনোয়ার হোসেন চৌধুরীর একটি মামলা সিলেটের স্থায়ী বেঞ্চের এখতিয়ারভুক্ত হওয়ায় তিনি ঢাকায় হলফনামা দাখিল করতে গিয়ে বাধার মুখে পড়েন। এরপর তিনি সংশোধনীর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেন।

এই মামলায় প্রধানত যে প্রশ্নগুলো উঠে আসে তার মধ্যে, সংসদ কি সংবিধানের যেকোনো অংশ ইচ্ছামতো সংশোধন করতে পারে? সংবিধান সংশোধনের ক্ষমতা কি সীমাহীন? সংবিধানের মৌলিক কাঠামো (Basic Structure) পরিবর্তন বা ধ্বংস করার ক্ষমতা কি সংসদের রয়েছে? হাইকোর্ট বিভাগের একক ও অভিন্ন কাঠামো কি সংবিধানের মৌলিক কাঠামোর অংশ? - সিদ্ধান্তের দাবি সৃষ্টি করে। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২ সেপ্টেম্বর ১৯৮৯ তারিখে আলোচিত মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে, ৩ : ১ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধিত ১০০ অনুচ্ছেদকে অসাংবিধানিক (Unconstitutional) ঘোষণা করা হয়। আদালত সিদ্ধান্তে বলেন, সংসদের সংবিধান সংশোধনের ক্ষমতা থাকলেও সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করার ক্ষমতা নেই। অর্থাৎ, সংবিধানের মৌলিক প্রকৃতি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত। সংসদ ইচ্ছে করলেই সংবিধানের যে কোন অংশ সংশোধন করতে পারে না।  

এই মামলা কয়েকটি বিষয়কে সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠা করে। যা সংবিধানের যথার্থ প্রকৃতিকে সংরক্ষণ করার পাশাপাশি সাংবিধানিক কর্তৃত্বকে দৃঢ় করে। এই মামলায় প্রতিষ্ঠিত বিষয়ের মধ্যে, সংবিধানের সর্বোচ্চতা (Supremacy of the Constitution), সংসদের সংবিধান সংশোধনের ক্ষমতা সীমাহীন নয়, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা ধ্বংস করা যাবে না, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য এবং বাংলাদেশের একক ও অভিন্ন সুপ্রিম কোর্টের কাঠামো সংবিধানের মৌলিক কাঠামোর অংশ- উল্লেখ্যযোগ্য। 

বাংলাদেশের ইতিহাসে, প্রার্থিত প্রতিকারের কিছু প্রশ্নের সমাধান খুঁজতে একজন বাদী আদালতের দারস্থ হলে আদালত ঐ ঘটনার প্রতিকার দিতে গিয়ে নীতিই প্রতিষ্ঠিত করেন। যা আলোচিত আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলার প্রতিফলন। 

/এসআর 

Logo