সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. ইয়াছিন আরাফাত সৌরভ, মো. জাকিরুল ইসলাম জুয়েল ও মো. শাওন।
পালানোর চেষ্টাকালে আটক করা হয় তিনজনকে। পরে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক আটককৃতের কোমরে কমলা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। পরীক্ষায় সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।
এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
/এমএইচআর