তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধানরা অংশ নিচ্ছেন। উচ্চশিক্ষায় উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার, নারীর অংশগ্রহণ এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, যৌথ গবেষণা এবং শিক্ষার্থী বিনিময়ের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
/এনএ