গোপালগঞ্জের হাসপাতালে হামলা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধ: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
গোপালগঞ্জের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতরাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।’
আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে। ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির (Rome Statute) ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পোস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও উল্লেখ করেন, হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। এতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
/এনএ