×
Logo

জাতীয়

পাঁচ দাবিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

পাঁচ দাবিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

আখতার বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যে আমরা অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটাকে ইতিবাচক জায়গা থেকে দেখি। কিন্তু ঐক্যের একটা ভিত্তিমূল ও এজেন্ডাগুলো কী, সেই জিনিসটা সরকারের পক্ষ থেকে পরিষ্কার হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটা অনেক আগে থেকে বলে আসছি। শুধু আওয়ামী লীগের ইস্যুতে না, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি-ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসগুলো হচ্ছে, সেগুলোকে সরকার মোকাবেলা করতে পারেনি। 

আখতার বলেন, সরকারের কাছে দাবি জানাই, যেখানেই সন্ত্রাস ঘটানো হচ্ছে, যেখানেই বিভিন্ন জায়গায় তাদেরকে নানাভাবে শেল্টার দিয়ে রাখা হয়েছে, এই আওয়ামী লীগের সন্ত্রাসের যারা আছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে যেনো বিচারের আওতায় নিয়ে আসা হয়।

/এসআইএন

Logo