×
Logo

জাতীয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর

হাইকোর্ট। ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না– হাইকোর্টের এই আদেশ স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আগামী সোমবার (২৩ নভেম্বর) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করেছেন আদালত।

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) এক রিটে এইচএসসির পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগে সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন চালু রাখা অথবা শর্তসাপেক্ষে আবেদন জমার সুযোগ দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনাও দেয় হাইকোর্ট।

এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাইকোর্ট আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত। শুনানির জন্য সোমবার ধার্য করেন।

সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্ত হয়। পাশপাশি, ১ জানুয়ারির পর ভর্তি আবেদনের কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।

তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগের সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের ঘোষণা দেয়।

ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলতি বছরের ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল।

/এএম

Logo