২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৩০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদফতর। নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৫ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ঢাকা বিভাগে এবং তিনজন সিলেট বিভাগে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৮৮১ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে। আর নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৫১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ বিভাগে মারা গেছেন চারজন। সিলেটে ১৬০ জন শনাক্ত হওয়ার পাশাপাশি তিনজনের মৃত্যু হয়েছে।
এছাড়া চট্টগ্রামে ২১১ জন, ময়মনসিংহে ৭৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
/এমএইচআর