×
Logo

জাতীয়

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্বারোপ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্বারোপ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো সংকট বাংলাদেশের মানুষের নিত্যদিনের বাস্তবতা। এসব ক্ষয়ক্ষতি যথাযথভাবে নিরূপণ ও মোকাবিলায় তৃণমূলের মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ফ্রম অ্যাসেসমেন্ট টু অ্যাকশন: বাংলাদেশ’স ন্যাশনাল লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূলের কৃষক, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এ জাতীয় কাঠামো কেবল আর্থিক ক্ষয়ক্ষতিই নয়, ভিটেমাটি হারানো কিংবা সামাজিক বন্ধন বিচ্ছিন্ন হওয়ার মতো অপূরণীয় মানবিক ক্ষতিও মর্যাদার সঙ্গে নিরূপণ করবে।

এ সময় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি একক জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে এ কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করা হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সাইমুম। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

/এনএ

Logo