×
Logo

জাতীয়

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

অতীতে যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি মালয়েশিায় কর্মী পাঠানোর বিষয়ে বলেন, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবো। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারপ্রধান উল্লেখ করেন, যারা মালয়েশিয়া যাবে, তাদের খরচ ২ লাখ টাকার মধ্যেই থাকবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বেলায়ও এ চেষ্টা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে।

/এমএন

Logo