×
Logo

জাতীয়

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে লেখা একটি চিঠি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (১৮ নভেম্বর)  শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের নেতার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী বলে জানান তিনি।

সাক্ষাৎকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা। এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি।

/এএন


Logo