বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতের আহ্বান জার্মান রাষ্ট্রদূতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়াতে সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদার: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে তিনি এসব কথা বলেন।
জার্মান রাষ্ট্রদূত বলেন, নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মতো অংশীদারের সঙ্গে একযোগে কাজ করতে চায় জার্মানি। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদি এবং সমতার ভিত্তিতে হওয়া প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত জার্মানির বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। জার্মানিতে বিক্রি হওয়া বস্ত্রপণ্যের প্রায় ২০ শতাংশ বাংলাদেশে তৈরি। তবে, শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর না করে চামড়া, কৃষি-শিল্প ও ওষুধ খাতেও রফতানি ও বিনিয়োগের সুযোগ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা ভালো সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চান। এসব নিশ্চিত করা গেলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।
জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং শিল্পকারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নেও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন জার্মান রাষ্ট্রদূত।
এ ছাড়া, জার্মানির বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর বিপরীতে বাংলাদেশের তরুণ কর্মশক্তিকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষ শ্রম অভিবাসন, দ্বৈত বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং যোগ্যতার স্বীকৃতির মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে।
/এএন