ব্লাজার এক দশক পূর্তিতে অনুষ্ঠিত হলো লিগ্যাল ক্যারিয়ার সামিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ এএম
আইন পেশায় ক্যারিয়ার গঠন, দক্ষতা বৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ব্লাজা লিগ্যাল ক্যারিয়ার সামিট ২০২৬’।
বাংলাদেশ ল’ অ্যান্ড জুরিস্টস অ্যাসোসিয়েশন (ব্লাজা)-এর ১০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আইন শিক্ষার্থী, নবীন আইনজীবী, অভিজ্ঞ আইনজ্ঞ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সামিটে আইন পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ, পেশাগত নৈতিকতা, নেতৃত্বের বিকাশ এবং মানবাধিকার সুরক্ষায় তরুণদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন অভিজ্ঞ আইনজ্ঞরা। বক্তারা বলেন, আইন পেশা শুধু ক্যারিয়ার গড়ার মাধ্যম নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্বও। এ জন্য পেশাগত দক্ষতার পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন (লিপু), আইন শিক্ষা কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এডভোকেট শিশির মনিরসহ আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া সম্মেলনে সংগঠনের ১০ বছরের অর্জন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। অংশগ্রহণকারীদের জন্য কুইজ, র্যাফেল ড্র ও জাদু প্রদর্শনীরও আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, আইন শিক্ষার্থী ও নবীন আইনজীবীদের সঙ্গে অভিজ্ঞ আইনজ্ঞদের মতবিনিময়ের সুযোগ তৈরি এবং ভবিষ্যতের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলাই ছিল এ সামিটের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত ব্লাজা একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক আইনি সংগঠন।
/এসআর