কিশোরগঞ্জ-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। ফলে তার আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।
এদিন জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকার বরাবর পাঠান। গত ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
স্পিকার বলেন, ‘পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার তারিখ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।’
এ পরিপ্রেক্ষিতে সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ (নির্বাচনি এলাকা-১৬৪) আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী সংসদকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে স্পিকার জানান।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
/এমএইচআর