শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দিবেন।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) একদিনের শুনানি শেষ করে রাষ্ট্র ও আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, অপরাধের পুরো ঘটনাই জানতেন স্বপ্না। জানতেন বলেই তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্না এই অপরাধের সঙ্গে জড়িত। দুই আসামির সবোর্চ্চ সাজা বহাল চেয়েছেন রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত, গত ১৯ মে মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায় গত ৭ জুন মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ‘ডেথ রেফারেন্স ও আপিল’ নিষ্পত্তির জন্য বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।
/এএন