রাজধানীর রামপুরায় ইন্টারনেট অফিসে গুলি, অজ্ঞাতনামা আসামি করে মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
হামলায় আহত একজন। গতকালের ছবি।
রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে স্পিড টাচ নেটওয়ার্কে হামলা ও গুলির ঘটনায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে হাতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানটির ম্যানেজার জাহিদুল হক পলাশ বাদি হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে চারজন দুর্বৃত্ত অফিসে ঢোকেন। এ সময় চাঁদার দাবিতে তাদের দেয়া হয় হুমকি। পরে এলোপাতাড়ি গুলি ছোড়ে পালিয়ে যান তারা। এ সময় বাইরে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
গুলিতে আহত হন ওই প্রতিষ্ঠানের দুই কর্মী হাবিবুর রহমান ও সাজু আহমেদ। তাদের মধ্যে একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লাগে।
প্রতিষ্ঠানটির অভিযোগ, দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা তাদের।
হামলাকারীদের শনাক্ত ও আটকে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
/এএম