রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল মঙ্গলবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্সের ওপর আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এই মামলায় রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে সোমবার (১৬ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, রামিসা হত্যা মামলায় অকাট্য প্রমাণ রয়েছে। তাই এ মামলায় সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে আশা রাষ্ট্রপক্ষের।
এর আগে, এই মামলায় মাত্র ১৯ দিনে বিচার শেষ হয়। গত ৭ জুন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এরপর রায়ের অনুলিপি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। সেই সাথে রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিল উপস্থাপন করা হয়। তাদের পক্ষে আইনি লড়াইয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন হাইকোর্ট।
/এমএন