×
Logo

জাতীয়

রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, অফিস ভাঙচুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম

রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, অফিস ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের তিনটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় হামলার ঘটনা ঘটে।

এজেআর গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী দাবি করেন– হাজারীবাগের গুদাম থেকে যাত্রাবাড়ী, গাজীপুর ও কেরাণীগঞ্জের উদ্দেশে পার্সেল নিয়ে একসঙ্গে তিনটি গাড়ি বের হয়। মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তায় পুলিশ বক্সের কাছাকাছি গেলে অন্তত ২০ জন ইট হাতে পথ আটকে গাড়ি তিনটি ভাঙচুর করেন। এ সময় চালক ও তাদের সহকারীদের মারধর করে হুমকি দেওয়া হয়।

এজেআর কর্তৃপক্ষ দাবি করে, এরপর রাত দশটার দিকে কুরিয়ারটির হাজারীবাগের পুরোনো ওয়্যারহাউসে আবার হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৩০/৪০ জন দেশীয় অস্ত্রসহ হামলা ও লুটপাট চালায়। গুদামের সামনে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

গত ২০ অক্টোবর থেকে দফায় দফায় এই কুরিয়ারের গাড়ি ও অফিসে ভাঙচুর ও লুটপাট হয়।

/এএম

Logo