×
Logo

জাতীয়

শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। প্রথমত, বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। দ্বিতীয়ত, বর্ষাকালে নিজের বা পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি গাছ লাগানো। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করা।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে এর আগে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিন সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী, দ্য আগা খান একাডেমির ২৭ শিক্ষার্থী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী। তাদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও ছিলেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। পরে উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এমএইচআর

Logo