সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ দেশ গড়াই সরকারের লক্ষ্য: ডা. জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলনে এ কথা বলেন তিনি।
জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। দীর্ঘদিনের অবহেলায় এ খাতে তৈরি হওয়া বড় ঘাটতির ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা এবং পেশাগত সুস্থতা নিশ্চিত করাও রোগীদের জন্য উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এসময় তিনি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে, প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঘাটতি দূর করতে পরিকল্পিতভাবে পুনর্গঠন প্রয়োজন। আগামী দুই থেকে তিন বছরে অন্তত ৩ থেকে ৫ হাজার অ্যানেসথেসিওলজিস্ট তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
/এএন/এমএইচআর