×
Logo

জাতীয়

কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম

কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাদের প্রভাব গভীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ, নারী ও শিশু নির্যাতন দূর করতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন। এটি আমাদের জাতীয় গৌরবের বিষয়।

এ সময় তিনি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর।

একই সঙ্গে তিনি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।

মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।

এ দেশে ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন অবদানের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পবিত্র ইসলাম, ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় আকিদার প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কাজ করছে।

একই সঙ্গে সব ধর্মের সহাবস্থান, স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় রাষ্ট্রপতি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমরা এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে। অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ, সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ থেকে শিক্ষা এ ব্যাপারে আমাদের পাথেয়।

এ সময় রাষ্ট্রপতি অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রশংসা করে বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতচর্চার প্রসারে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী যোগ্য ক্বারী ও হাফেজ গড়ে তুলতে এ সংস্থার ভূমিকা প্রশংসনীয়।

রাষ্ট্রপতি সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, সংস্থাটি ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, নিয়মিত প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং ক্বারী ও হাফেজদের মানোন্নয়নে আরও ব্যাপক ভূমিকা পালন করবে।

এ সময় তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত ক্বারী ও অতিথিদের বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এতে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি জনাব আনোয়ার আলদীন এবং সংস্থার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ।

/এসআইএন

Logo