বিরোধীদলকে চাপে রাখতে সরকার ইচ্ছে করেই আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
বিরোধীদলকে চাপে রাখতে সরকার ইচ্ছে করেই আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দাবি, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হওয়ার পাশাপাশি সন্ত্রাস ও নাশকতার ঘটনাগুলো অস্বীকার করে জড়িতদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ প্রসঙ্গে নাহিদ বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে তার বাড়িতে আগের রাতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তারা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বেশ কয়েক দিন ধরে নুসরাতকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিলো। এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
নাহিদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোলবোমা বিস্ফোরণের ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে। এর আগে মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপরও হামলা হয়েছে। তাকে কুপিয়ে আহত করার চেষ্টা করা হয় এবং হামলায় তিনি আহত হন বলে জানান নাহিদ।
তিনি আরও বলেন, সারাদেশে ফ্যাসিবাদী শক্তি যে নৈরাজ্য, যে সন্ত্রাস শুরু করেছে, তার অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। অভিযোগ, সরকার এই পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হচ্ছে এবং পরিস্থিতির অবনতির বিষয়টিও স্বীকার করছে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, মন্ত্রী আগের দিন তথ্য-উপাত্ত তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন। অথচ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলো পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতা বলে তারা মনে করছেন।
কুষ্টিয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যেরও বিরোধিতা করেন নাহিদ। তিনি বলেন, মন্ত্রী একদিকে জানিয়েছেন তদন্ত চলছে, অন্যদিকে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন। তদন্ত চলাকালে এমন বক্তব্য দেওয়া উচিত নয়।
নাহিদের দাবি, ভিডিও ফুটেজ ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে বাইরে থেকে কিছু নিক্ষেপের পর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি উঠে এসেছে। ফুটেজে পেট্রোলবোমা সদৃশ কিছু নিক্ষেপ করতে দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে ঘটনায় জড়িতদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বাড়িটিকে পরিত্যক্ত বলারও প্রতিবাদ জানান বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, সেখানে মানুষ বসবাস করেন এবং ঘটনার রাতেও লোকজন ছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত বের হয়ে আসায় প্রাণে বেঁচেছেন। ঘটনাটি লঘু করে দেখানো ও দায় অস্বীকারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ বলেন, এই সরকার ইচ্ছে করেই আওয়ামী সন্ত্রাসীদের এক ধরনের সুযোগ দিচ্ছে। সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি চলতে দিয়ে সরকার বিরোধীদলকে চাপে রাখার চেষ্টা করতে পারে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নুসরাত তাবাসসুমের বাড়ির ঘটনা পর্যবেক্ষণে শুক্রবার বিরোধীদলের একটি সংসদীয় প্রতিনিধিদল কুষ্টিয়ার দৌলতপুরে যাবে বলে জানান নাহিদ। তিনি বলেন, প্রতিনিধিদল বিরোধীদলের উদ্যোগে তদন্ত কমিটি হিসেবে কাজ করবে এবং প্রতিবেদন জনগণের সামনে তুলে ধরবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও তদন্তের ওপর তাদের আর আস্থা নেই উল্লেখ করে নাহিদ অভিযোগ করেন, সরকার ঘটনার দায় অস্বীকার করছে এবং জড়িতদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে।
/এসআইএন