শিশুদের জীবন রক্ষায় ভ্যাকসিন-ভেন্টিলেটরসহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
সরকার শিশুদের জীবন রক্ষায় প্রয়োজনীয় ভ্যাকসিন, ভেন্টিলেটরসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি সংযোজন ও বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোনো শিশুর যেন মৃত্যু না হয়, সেই লক্ষ্যে চিকিৎসকদের কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানান। বর্তমানে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশই টিকার আওতায় ছিল না বলেও জানান তিনি।
চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়ে স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
/এসআইএন