২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সংশোধিত নীতিমালা প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শ্রেণিভিত্তিক আসনসংখ্যা, বয়সসীমা, আবেদন ফি, ভর্তি পরীক্ষা ও কোটা সংরক্ষণসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে ‘সংশোধিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নীতিমালা জারি করা হয়।
নীতিমালা অনুযায়ী, এন্ট্রি শ্রেণির পাশাপাশি আসন খালি থাকা সাপেক্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে।
ভর্তি-সংক্রান্ত নীতিমালার গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো —
শিক্ষাবর্ষ, শ্রেণি ও আসনসংখ্যা
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি শ্রেণি এবং আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষাবর্ষ গণনা করা হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ৬ বছর হতে হবে। তবে বয়স ৭ বছর পূর্ণ হওয়া যাবে না। অর্থাৎ, নির্ধারিত তারিখে শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি, কিন্তু ৭ বছরের কম হতে হবে।
আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত শিথিল করার সুযোগ রয়েছে।
ভর্তি পদ্ধতি: প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে রাখতে পারবে। তবে কোনো বিদ্যালয়ের দুই শিফটেই আবেদন করলে তা দুটি পৃথক পছন্দ হিসেবে গণ্য হবে।
একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে শিক্ষার্থীর সব আবেদন বাতিল বলে বিবেচিত হবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আসন খালি থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করতে হবে।
লটারি ও লিখিত পরীক্ষা— উভয় ক্ষেত্রেই মূল নির্বাচিত তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকা প্রস্তুত রাখতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর ও সময়
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার নম্বর ও সময় শ্রেণিভেদে নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের। যেখানে বাংলায় ১৫ নম্বর, ইংরেজি ১৫ নম্বর এবং গণিতে থাকবে ২০ নম্বর। আর পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা।
অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্ষেত্রে হবে ১০০ নম্বরের পরীক্ষা। যেখানে বাংলায় ৩০ নম্বর, ইংরেজিতে ৩০ নম্বর ও গণিতে থাকবে ৪০ নম্বর এবং সময় হবে ২ ঘণ্টা।
আবেদনের ফি
নীতিমালায় অনলাইনে ভর্তির আবেদনের জন্য শ্রেণিভেদে ফি নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণিতে আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ফি ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কোটা ও আসন সংরক্ষণের নিয়ম
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট হারে আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়গুলোতে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
এ ছাড়া বিভিন্ন শ্রেণির জন্য আসন সংরক্ষণের হার হলো—
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী: ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ফিডার বা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ আসন স্বতন্ত্রভাবে সংরক্ষিত থাকবে।
মুক্তিযোদ্ধা কোটা: মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী: ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান: শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পৃথকভাবে ১ শতাংশ করে মোট ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
সহোদর-সহোদরা: বিদ্যালয়ে অধ্যয়নরত বা নতুন আবেদনকারী শিক্ষার্থীর ভাই-বোনদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
জমজ ভাই-বোন: জমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
বদলিজনিত কোটা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির কারণে তাঁদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রতি শ্রেণির প্রতি শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের বিধান রয়েছে।
ভর্তি কমিটি গঠনের বিধান
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকির জন্য মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি গঠনের বিধান রয়েছে।
ঢাকা মহানগরী পর্যায়ের ভর্তি কমিটির সভাপতি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। জেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নীতিমালায় নির্ধারিত এসব নির্দেশনা অনুসরণ করেই ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
পূর্ণাঙ্গ নীতিমালা দেখুন এখানে
/এনএ