×
Logo

জাতীয়

তথ্য অধিকার নিশ্চিতে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে কমিশন: প্রধান তথ্য কমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

তথ্য অধিকার নিশ্চিতে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে কমিশন: প্রধান তথ্য কমিশনার

জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের পরিকল্পনা হাতে নিয়েছে তথ্য কমিশন। এ পরিকল্পনার আওতায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য মেলা আয়োজন, অভিযোগের শুনানি শুরু, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

প্রধান তথ্য কমিশনার বলেন, গত ১৭ বছর তথ্য কমিশন কাজ করলেও গণতন্ত্রের চর্চায় তাৎপর্যপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেনি। এ সময় তিনি তথ্য কমিশনের কার্যক্রম নিয়ে সবাইকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে তথ্য কমিশনকে পরিচিত করে তোলার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, তথ্য কমিশনের মাধ্যমে মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে। এ প্রতিষ্ঠানের দরজা সবার জন্য খোলা। মানুষ যেন সহজে নিজের অধিকার সম্পর্কে জানতে পারে এবং তা আদায়ের পথ খুঁজে পায়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

১০০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলা আয়োজন করা হবে বলে জানান ড. নাহরিন। আগামী সপ্তাহে বিভিন্ন স্কুলেও এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তথ্য মেলায় মানুষকে সহজ ভাষায় নিজের অধিকার তুলে ধরার পদ্ধতি সম্পর্কে জানানো হবে।

প্রধান তথ্য কমিশনার জানান, তথ্য কমিশনে এ পর্যন্ত ১ হাজার ১১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে এসব অভিযোগের শুনানি শুরু হবে। এ ছাড়া সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে।

সরকারি অর্থের ব্যবহার সম্পর্কে জনগণকে অবহিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য, জনগণের টাকা কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সে তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় তথ্য কমিশন। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বিদেশি সহায়তায় পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্য তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য প্রকাশের নীতিমালা নিয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, যেসব বিশ্ববিদ্যালয়ে তথ্য অবমুক্ত করার নীতিমালা রয়েছে, সেগুলো অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানানো হয়েছে। আর যেসব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নীতিমালা নেই, সেগুলোকে নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।

তথ্য কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে ড. নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষ হয়ে নয়, বরং নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। গণতান্ত্রিক সরকারের অধীনেও কমিশনের নিরপেক্ষতা বজায় থাকবে। তথ্য কমিশন শক্তিশালী হলে সরকারও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

/এনএ 

Logo