১২ নভেম্বর থেকে পাওয়া যাবে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
আগামী ১৯ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া পাবনা-ঢাকা-পাবনা রুটের আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট পাওয়া যাবে ১২ নভেম্বর থেকে।
বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের টিকিট পাওয়া যাবে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
তবে শুধু ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে সংগ্রহ করতে হবে। কাউন্টার থেকে কম্পিউটারাইজড টিকিট দেওয়া হবে। এদিন ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।
২০ নভেম্বর ২০২৬ থেকে ট্রেন দুটি বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে বেলা ৩টা ২৫ মিনিটে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।
২০ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
/এনএ