×
Logo

জাতীয়

বহির্বিশ্বে নেতিবাচক বার্তা দিতেই পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করা হচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

বহির্বিশ্বে নেতিবাচক বার্তা দিতেই পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করা হচ্ছে: রিজভী

বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দিতেই পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কোনো হস্তক্ষেপের চেষ্টা করলে তা আন্তর্জাতিক পরিসরে সমর্থন পাবে না।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অব্যাহত নাশকতার অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংবিধান প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করলেও কোনো অপরাধীর সুরক্ষার নিশ্চয়তা দেয়নি। এ ছাড়া নাশকতার প্রশ্নে বিরোধী দলকে নিজেদের অবস্থান পরিষ্কার করারও পরামর্শ দেন তিনি।

একের পর এক নাশকতায় সম্পদহানি ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক জনগণ কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।

রিজভী বলেন, শেখ হাসিনা দেশের প্রচলিত আইন এবং সংবিধান থেকেও নিষিদ্ধ মানুষ, তার দল হচ্ছে নিষিদ্ধ। কারণ, তাদের রাজনৈতিক এজেন্ডা রক্তপাত, রক্তস্রোত, হত্যা, গুম। এটাই তাদের সংস্কৃতি। ঠিক ওই পথেই তারা প্রত্যাবর্তন করতে চাচ্ছে। কিন্তু এ দেশের মানুষ, শান্তিকামী মানুষ, গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ সেটা আর করতে দেবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ অবস্থাতেই তাদের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।

দণ্ডিত শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করার সুযোগ নেই বলেও জানান রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি।

রিজভীর ভাষ্য, মানবতার বিরুদ্ধে কাজ করা তৎকালীন এই রাজনৈতিক নেতাকে অন্য কোনো দেশ আশ্রয় দেয়নি, ভারত দিয়েছে। তবে তাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে সরাসরি কিংবা বিভিন্ন ঘটনার মাধ্যমে অদৃশ্য কোনো হস্তক্ষেপ করা হলে তা আন্তর্জাতিকভাবে সমর্থন পাবে না। এ দেশের মানুষও তা প্রতিহত করবে এবং যেকোনো চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে জামায়াতের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বিরোধী দল, আমার মনে হয়, এ বিষয়ে তাদের সেন্স, গুড সেন্স প্রিভেইল করবে। সামগ্রিকভাবে আজকে এই নিষিদ্ধ ঘোষিত দল যে পরিকল্পিত সন্ত্রাস করছে, তারা সেটা উপলব্ধি করে যথাযথভাবে জনসেন্টিমেন্টকে ধারণ করে কাজ করবে বলে আমি আশা রাখি

এর আগে সকালে মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সেখানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

/এনএ 

Logo