রাষ্ট্রপতির সঙ্গে এসএম হলের অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, এসএম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি। একই সঙ্গে, তিনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন।
প্রতিনিধিদল জানায়, এসএম হলের ছাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গৌরব বোধ করেন। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এসএম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।
হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। প্রতিনিধিদল এ জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানায়।
/এএম