×
Logo

জাতীয়

আমিরাতে বেনজীরের জামিন প্রত্যর্পণ প্রক্রিয়ার সমাপ্তি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম

আমিরাতে বেনজীরের জামিন প্রত্যর্পণ প্রক্রিয়ার সমাপ্তি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন পাওয়ার অর্থ এই নয় যে, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ কার্যক্রম শেষ হয়ে গেছে। একইভাবে, শুধু ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমেও প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের দেওয়া নোটিশের জবাবে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার আনুষ্ঠানিকভাবে নেওয়া পদক্ষেপ ও সংশ্লিষ্ট তথ্য সংসদকে অবহিত করছে। বিষয়টি সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই সরকার প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশের উপযুক্ত আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

তিনি সংসদকে জানান, ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন নম্বর ৩৯ অব ২০০৬-এর ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়সীমার অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে, অর্থাৎ ১৬ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায় বাংলাদেশ সরকার। পরে ২১ জুন তথ্য সমন্বয়ের জন্য ওই অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতে পাঠানো হয়।

বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। অনুরোধ গ্রহণকারী দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের ধরন, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির হেফাজতসংক্রান্ত অবস্থা কিংবা অনুরোধ গ্রহণকারী দেশের বিচারিক কর্তৃপক্ষের নিজস্ব আইন ও প্রক্রিয়ার আওতায় নেওয়া কোনো সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান কিংবা পুরো কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, কোনো ব্যক্তির জামিন প্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নয়। একইভাবে, প্রত্যর্পণ সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনগত ও বিচারিক ধাপ অতিক্রমের বিষয়টিকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না।

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়েও সরকার আইনি পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য-প্রমাণ পাওয়ার পর প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর আওতায় এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণের অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে এবং স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। পাশাপাশি বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখবে সরকার।

/এনএ 

Logo