ঢাবিতে রাতের আঁধারে একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাতের আঁধারে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচ্ছিন্ন ও প্রতীকী কয়েকটি ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা ঠিক নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির চক্রান্ত রয়েছে বলে দাবি করেন তিনি। দেশের ভেতরে থাকা তাদের সহযোগীদের পাশাপাশি সীমান্তের ওপার থেকেও এসব কর্মকাণ্ডে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার উদ্বেগের বিষয়ে তিনি বলেন, বিরোধী দল হিসেবে এমন উদ্বেগ প্রকাশের অধিকার তাদের রয়েছে। বিরোধীদলীয় নেতা ব্যর্থ হতে চান না— তার এই অবস্থানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারও বিরোধী দলের সহযোগিতা চায় এবং এ পর্যন্ত সহযোগিতা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগ করা হয়েছে। তবে সরকার সফলভাবে সেই চেষ্টা ভণ্ডুল করেছে।
তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্পকারখানার নিরাপত্তায় শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উৎপাদন ও রফতানি যেন ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যেন কর্মহীন হয়ে না পড়েন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।
শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা সবাই সরকারকে সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগী কয়েকজন শিল্প মালিকের সহায়তায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে সরকার লক্ষ্য করেছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।
শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ বজায় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আগের দিন সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতের অন্ধকারে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এমন একটি বিচ্ছিন্ন ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তা বলা যায় না। একইভাবে রাতের অন্ধকারে পরিত্যক্ত বা চালক-হেলপারবিহীন কোনো বাস কিংবা গাড়িতে আগুন দেওয়ার ঘটনাতেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।
তিনি বলেন, ‘এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত প্রস্তুত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অপরাধের পরিসংখ্যান এবং আগের বছরের একই সময়ের তথ্য তার কাছে রয়েছে। কোন কোন খাতে উন্নতি হয়েছে, কোথায় অপরাধের সংখ্যা বেড়েছে বা কমেছে— সব তথ্য বিশ্লেষণ করেই তিনি বক্তব্য দেবেন।
সংসদে উত্থাপিত হত্যাকাণ্ডের পরিসংখ্যান প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে শুধু একটি সময়ের পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তুলনার জন্য আগের বছরের একই সময়ের তথ্যও বিবেচনায় নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, গত বছরের একই সময়ের তুলনায় এবার হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কম। তাই এই পরিসংখ্যানকে অবনতি বলা হবে, নাকি উন্নতি— সে প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে সংবিধানের ৩০০ বিধিতে সংসদে বিস্তারিত বিবৃতি দেওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আজ নয়, আগামীকাল এ বিষয়ে তথ্য-উপাত্তসহ বক্তব্য দেবেন।
বক্তব্যের শেষাংশে দেশের ভেতরে ও বাইরে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গণ-অভ্যুত্থানের মুখে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার মতো কোনো পরিস্থিতি কেউ তৈরি করলে তা জাতির সামনে উন্মোচন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কারা কারা এসব ষড়যন্ত্রে জড়িত, সে বিষয়ে প্রয়োজন হলে প্রমাণসহ বিস্তারিত তুলে ধরবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।
/এনএ