তারেক রহমান অনেকটা 'গ্রিন প্রাইম মিনিস্টার' হিসেবেই জনগণের কাছে সমাদৃত: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১০ নভেম্বর) কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নির্বাচনের আগেই তিনি অঙ্গীকার করেছিলেন, দল ক্ষমতায় এলে এসব প্রতিশ্রুতি পালন করা হবে। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, এই সুন্দর পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে। ভয়ংকর বৈশ্বিক উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষা করে বাসযোগ্য রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের যেসব প্রভাব আমরা দেখছি, তা কাটিয়ে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে এই আন্তর্জাতিক সম্মেলন একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি।
অন্যদিকে, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দক্ষিণাঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে আমরা অন্যতম। কিন্তু যারা কার্বন নিঃসরণ করে, তারা আমাদের এই ক্ষতির দিকে নজর দেয় না। তাই এই কপ সম্মেলনের মাধ্যমে আমরা তাদের জানাতে চাই, আমরা কোনো দয়া চাই না।
তিনি আরও বলেন, আমরা চাই, আমাদের প্রতি প্রকৃত ন্যায়বিচার করা হোক। আমরা যতটুকু কার্বন নিঃসরণ করি, তার চেয়ে বেশি ক্ষতির শিকার যেন না হই। অন্যের দোষে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি কাটিয়ে উঠতে বিশ্ব আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে—এটাই আমাদের প্রত্যাশা।
/এসআইএন