এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।
রোববার (৮ নভেম্বর) তিনি নতুন এ দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে, গত ৩ নভেম্বর এসআরবির নতুন ডিজি হিসেবে নিয়োগ পান তিনি।
ফারুক আহমেদ, ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দীর্ঘ চাকরিজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে যোগদানের পর তার স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। সেখানে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিক উপায়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন নতুন মহাপরিচালক।
/এনএ