সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মালয়েশিয়ার DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd. কোম্পানিতে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। উভয় পদে মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে, শেষ হবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক শিক্ষা কিংবা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ পদে আবেদনের জন্য ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি মৌলিক কম্পিউটার জ্ঞান, বিশেষ করে মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা এবং ভালো গাণিতিক দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের দায়িত্ব পালনে সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা এবং সরাসরি তত্ত্বাবধান ছাড়াই কাজ সম্পন্ন করার যোগ্যতা থাকতে হবে। একই সঙ্গে একাধিক কাজ সামলানো, কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং বহুজাতিক কর্মপরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতাও প্রয়োজন। সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতাও থাকতে হবে। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। তবে ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসহ ভোকেশনাল, পলিটেকনিক কিংবা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এ পদের প্রার্থীদের ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র্যাকিং এবং আইটি সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা বাধ্যতামূলক। পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) পড়ে বোঝার সক্ষমতা থাকতে হবে।
চাকরির শর্ত ও সুযোগ-সুবিধা
দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা, সপ্তাহে কাজ করতে হবে ছয় দিন। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নের সুযোগ রয়েছে। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী ওভারটাইম করার সুযোগ থাকবে।
নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করা হবে। আবেদনকারীদের পাসপোর্টের মেয়াদ ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট কাজে দেশে কিংবা বিদেশে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হবে।
আবেদনপ্রক্রিয়া ও নির্বাচন
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হবে। তাদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করা হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে নির্বাচিত প্রার্থীদের চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একাধিক পাসপোর্ট থাকলে সব পাসপোর্টের এক সেট রঙিন ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত সঙ্গে আনতে হবে।
জীবনবৃত্তান্তে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা, গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্সের তথ্য এবং আগে বিদেশে কিংবা ওয়্যারহাউসে কাজের অভিজ্ঞতা থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
অর্থ লেনদেন না করার সতর্কতা
বোয়েসেল জানিয়েছে, অনলাইনে আবেদন, সাক্ষাৎকার কিংবা চূড়ান্ত বাছাই—কোনো পর্যায়েই চাকরি নিশ্চিত হওয়ার নিশ্চয়তা নেই। নিয়োগ প্রক্রিয়ার যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। কর্মী নির্বাচন করবে নিয়োগকর্তা বা তাঁর প্রতিনিধিরা। এ ক্ষেত্রে নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
তবে নির্বাচিত কর্মীদের নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের কথা বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করতে প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করেছে বোয়েসেল।
/এসআইএন