ফাইল ছবি
দেশে আবারও জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।
নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮৯ টাকা ০৩ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্য ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
/এএম