×
Logo

জাতীয়

জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ

এইচএসসিতে এক ও দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে তাদের পুনরায় পরীক্ষা নেয়া হবে আগামী ২ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর— এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'এবারের এইচএসসি পরীক্ষা খাতা মুল্যায়নে ভুল বা গাফিলতি পেলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে।'

তিনি বলেন, 'প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শিক্ষার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতিকে যুক্ত করেছেন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে চালু করেছেন ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম।'

তিনি জানান, চীনের সহযোগিতায় কক্সবাজারসহ দেশের ৮ বিভাগে মোট ৯টি টেকনিক্যাল স্কুল নির্মাণ করবে সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে কাজ করছে দুই দেশ।

এ সময় দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের শিক্ষার্থীদের চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।

/এমএইচআর

Logo