আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় যাবেন তিনি।
মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
পরে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি কন্টেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুপুরে হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনা জেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। যাবেন খুলনা সার্কিট হাউজে।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান।
এদিকে, তাকে স্বাগত জানাতে খুলনা নগরীর দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার গল্প। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সফর শেষ করে আজই ঢাকায় ফিরবেন সরকার প্রধান।
/এএন