হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম
হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধানে এবং অন্তর্বর্তী সরকারের দায়-দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময়কাল— ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব এবং অনিয়মের বিষয়ে দায়-দায়িত্ব নির্ধারণ করবে এই কমিশন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামুনুর রহমানকে কমিশনের সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মইনুল ইসলাম।
কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট দায়-দায়িত্ব চিহ্নিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দিতে হবে। এ বিষয়ে কমিশনের বিবেচনায় প্রয়োজনীয় অন্য কোনো সুপারিশ থাকলেও তা প্রতিবেদনে তুলে ধরতে পারবে।
তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এ ছাড়া যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
/এনএ