×
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি দুজনের একজন সিলেট ও অন্যজন খুলনা বিভাগের। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।

/এমএইচআর

Logo